১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৭ কার্তিক ১৪৩৩
বিশ্ব

যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার

IMG_7607

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী এক শিশুকে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। পুলিশ জানিয়েছে, তাকে প্রথমে একটি কুকুরের খাঁচায় রাখা হয়। পরে খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন জানান, শিশুটির মা ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সময় তাকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে জানানো হলে অনুসন্ধান শুরু হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪৫ মিটার দূরের একটি জঙ্গলে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। ওই স্থানেই শিশুটিকে পুঁতে রাখা হয়েছিল। পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, মাটি খোঁড়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনতে পান তারা। এরপর দ্রুত তাকে মাটির নিচ থেকে বের করে আনা হয়।

উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে জে কুন বলেন, আশা করা হচ্ছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদেরও ধন্যবাদ জানান তিনি। শিশুটির বেঁচে ফেরার ঘটনাকে উদ্‌যাপনের মতো বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

এ ঘটনায় শিশুটির বাবা মাইকেল কোমারকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা নির্ধারণ করতে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।

Advertisements

Advertisements