যুক্তরাজ্যে শীর্ষে, ভারতেও রেকর্ড গড়ল ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। ভারতের পাশাপাশি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসেও শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। একের পর এক রেকর্ড গড়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় উঠে এসেছে এই মহাকাব্যনির্ভর চলচ্চিত্র।
মুক্তির পঞ্চম দিনে ভারতে একদিনে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে ‘রামায়ণ’। এদিন সিনেমাটির ১৬ লাখ ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর আগে এই রেকর্ড ছিল ‘ধুরন্ধর ২’-এর দখলে। সিনেমাটির এক দিনে সর্বোচ্চ টিকিট বিক্রির সংখ্যা ছিল ১৬ লাখ ৪০ হাজার।
টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম বুক মাই শোতেও নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। সেখানে এক ঘণ্টায় বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টিকিট।
অন্যদিকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে শীর্ষস্থান দখল করা প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে ‘রামায়ণ’। প্রথম সপ্তাহান্তে অঞ্চল দুটিতে সিনেমাটির আয় হয়েছে ২৮ লাখ মার্কিন ডলার। এ ক্ষেত্রে পেছনে ফেলেছে ‘গডজিলা মাইনাস জিরো’কে। এর আগে ‘আরআরআর’, ‘জওয়ান’ ও ‘ধুরন্ধর ২’ যুক্তরাজ্যের বক্স অফিসে দ্বিতীয় স্থানে উঠতে পেরেছিল।
সোমবার (৯ নভেম্বর) মুক্তির পঞ্চম দিনে শুধু ভারতেই সিনেমাটির আয় হয়েছে ১২৬ কোটি রুপি। পাঁচ দিন শেষে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৬৬০ কোটি রুপি।
নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগরওয়াল, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং ও লারা দত্ত।
বক্স অফিসে সিনেমাটির ধারাবাহিক সাফল্যে নির্মাতাদের প্রত্যাশাও বাড়ছে। বর্তমান আয়ের গতি অব্যাহত থাকলে ‘রামায়ণ’ বিশ্বব্যাপী আরও বড় বাণিজ্যিক মাইলফলক অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ঢাকা পোস্ট



