১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিনোদন

নিখোঁজ বাবার সন্ধান পেলেন মেঘলা মুক্তা

meghla-2-20261110151644

দীর্ঘ ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার পর নিখোঁজ বাবার সন্ধান পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার ছবি প্রকাশ করে সহযোগিতা চাওয়ার পর অবশেষে তাঁকে খুঁজে পাওয়া গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

বাবাকে ফিরে পাওয়ার খবর জানিয়ে মেঘলা মুক্তা লেখেন, আল্লাহর রহমতে তাঁরা বাবাকে ফিরে পেয়েছেন। এ সময় বাবার ছবি ও নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া এবং সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি দেখে এক ব্যক্তি তাঁর বাবাকে শনাক্ত করেন এবং পরিবারকে ফোনে বিষয়টি জানান। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র্যাক করেও তাঁর সন্ধান পাওয়া যায়।

তবে বাবাকে ফিরে পেলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মেঘলা। তাঁকে উত্তরার একটি ক্লিনিকে পাওয়া যায়। ক্লিনিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে সেখানে রেখে যান। ক্লিনিকে আনার সময় তাঁর মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল। বর্তমানে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে।

বাবার শারীরিক অবস্থার কারণে এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি অভিনেত্রী। তিনি কথা বলতে শুরু করলে কী ঘটেছিল, তা জানা যাবে বলে আশা করছেন মেঘলা। পাশাপাশি বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলেন না মেঘলা মুক্তা। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ফেসবুকে বাবার নিখোঁজ হওয়ার খবর জানিয়ে সবার সহযোগিতা চান তিনি। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সহযোগিতা ও সংশ্লিষ্টদের তৎপরতায় বাবার সন্ধান মেলে।

Advertisements

সূত্র: ঢাকা পোস্ট

Advertisements