‘কোথায় এই দেশের নিরাপত্তা’, মধ্যরাতে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

‘রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। রোববার দিবাগত রাতে অনুষ্ঠান শেষে ফেরার পথে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুর এবং উপস্থিত শিল্পীদের হেনস্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী।
রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পরীমনি। তার দাবি, অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি করা হয়। একপর্যায়ে তার গাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে ফোন করতে বাধ্য হন তিনি।
পরীমনি জানান, অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা পুরো আয়োজন উপভোগ করেছেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর হঠাৎ একজন আক্রমণাত্মক আচরণ শুরু করেন। তার মতে, কারও কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে সরাসরি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত।
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, গুলশান থানা পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তাকে সেখান থেকে নিরাপদে বের হতে বেগ পেতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সদস্যও ডাকা হয়। এ সময় দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি জানতে চান, এসব ক্ষয়ক্ষতির দায়ভার কে নেবে। শুধু নিজের নিরাপত্তা নয়, সেখানে উপস্থিত অন্যান্য শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিও সামনে আনেন তিনি। তার ভাষ্য, ব্যক্তিগত কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে মীমাংসা করা উচিত, এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়।
এদিকে, ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, সেখানে সামান্য একটি সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। পরীমনি নিরাপদে বাসায় ফিরে গেছেন বলেও নিশ্চিত করেন তিনি। তবে গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই বলে জানান ওসি।
উল্লেখ্য, সম্প্রতি একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পাওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগ ঘিরে আলোচনায় ছিলেন পরীমনি। এর মধ্যেই গুলশানের অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



