৯ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ২৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

৪ হাসপাতালে ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে

ছেলে নূর মোহাম্মদ আরাফাতের সঙ্গে বাবা মোহাম্মদ কবীর

সন্তানকে সুস্থ করে ঘরে ফেরানোর আশায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবীর। কিন্তু চারটি হাসপাতালে কয়েক দিন চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেননি নয় বছর বয়সী ছেলে নূর মোহাম্মদ আরাফাতকে। গত শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বাবার সেই শোক কাটতে না কাটতেই এবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার ১০ মাস বয়সী আরেক ছেলে মোহাম্মদ আবু বক্কর। বর্তমানে সে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় ১৮ থেকে ২০ দিন আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। পরে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, সে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত।

আরাফাতের বাবা কবীর জানান, প্রথমে ছেলেকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চার দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেরিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন আইসিইউতে থাকার পর ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও চার দিন আইসিইউতে চিকিৎসা চলে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ পর্যন্ত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত। ওই দিনই নগরীর মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।

একই রোগে আক্রান্ত হয়েছে কবীরের ছোট ছেলে আবু বক্করও। বাবার ভাষ্য অনুযায়ী, বড় ছেলের মতো ছোট ছেলেও হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে ইতোমধ্যে তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। দুই সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বাবা কবীর। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ছোট ছেলেকে লাইফ সাপোর্টে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারছেন না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানালেও আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

তিনি বলেন, মাত্রই এক সন্তানকে দাফন করে ফিরেছেন। আরেক সন্তানকেও হারানোর আশঙ্কা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বাবার অসহায়ত্বের ভাষা যেন পুরো পরিবারটির ওপর নেমে আসা দুর্যোগের চিত্র তুলে ধরছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) প্রধান ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিদারুল আলম জানান, দুই শিশুকে হাসপাতালে আনার সময় তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। এরপরও চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখনো আশা ছাড়েননি। তিনি আরও বলেন, কোনো শিশু একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। আবু বক্করের ক্ষেত্রেও এমন জটিলতা দেখা দিয়েছে। শিশুটিকে সুস্থ করে তুলতে চিকিৎসক দল সর্বাত্মক চেষ্টা করছে। চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগম ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন কবীর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন। দুই সন্তানের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে আড়াই থেকে তিন লাখ টাকার বেশি ব্যয় হয়েছে বলে জানান তিনি। নিজের সঞ্চয় শেষ হওয়ার পাশাপাশি আত্মীয়স্বজন ও সহকর্মীদের কাছ থেকেও ঋণ নিতে হয়েছে তাকে।

এদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২১ জন নারী ও ১১টি শিশু রয়েছে। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১৫ জন মারা গেছেন।

Advertisements

একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে আরেক সন্তানকে বাঁচানোর অনিশ্চিত অপেক্ষা—সব মিলিয়ে চরম কঠিন সময় পার করছেন কবীর ও তার পরিবার।

Advertisements