৯ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ২৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

পঞ্চগড়ে শীতের কাঁপন শুরু, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

images (1)

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। বিশেষ করে ভোর ও রাতের ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনের। তবে দিনের চিত্র একেবারেই ভিন্ন। সকাল গড়িয়ে সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। ফলে একই দিনে সকাল-রাতের শীত আর দুপুরের গরমে কিছুটা অস্বস্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। অন্যদিকে, আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকায় ভোরের দিকে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশারও। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি বাড়ছে। শীতের প্রস্তুতি হিসেবে অনেকেই বের করছেন পুরোনো লেপ, কম্বল ও গরম কাপড়। আবহাওয়ার এই ওঠানামার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপরও। সর্দি, কাশি, জ্বরসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা মৌসুমি অসুস্থতায় বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন রোগীদের স্বজনেরা।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আসিফ আলী জানান, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডার প্রকোপ বেড়েছে। এর মধ্যে তার পরিবারের শিশুটি সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসার চেষ্টা করলেও পরে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান হাবিব হাসান। তিনি বলেন, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সকাল ও রাতে বেশ ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে না পারায় কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন তিনি।

এদিকে, ঋতু পরিবর্তনের সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গরম পোশাক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

শুধু পঞ্চগড় নয়, দেশের অন্যান্য অঞ্চলেই রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisements