৮ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৩ কার্তিক ১৪৩৩
বিনোদন

কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে ছবি, বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা

niha-1-20261108143033 (1)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ের ইঙ্গিত দিয়েছেন। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে কাবার সামনে একজন ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য ছবিতে দুজনের হাত ধরে থাকার মুহূর্ত ধরা পড়েছে। তবে সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে নীহা লিখেছেন, এত দিন যে অধ্যায়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহ তাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

নীহার এই বক্তব্য থেকে তার বিয়ের বিষয়টি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেলেও এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন নীহা। তখন সম্পর্কটি প্রেম, বাগদান নাকি বিয়ে—তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে, নীহার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এর আগে এক ব্যক্তির সঙ্গে নেপাল ভ্রমণে যাওয়ার ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, একজন পাকিস্তানি যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি নীহা।

Advertisements

নতুন জীবনের ইঙ্গিতপূর্ণ এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

Advertisements