আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র একদিনের বাড়তি ছুটি নিলেই এই লম্বা ছুটির আনন্দ উপভোগ করা সম্ভব।
ক্যালেন্ডারের হিসাব বলছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের কেবল একদিন ছুটি নিলেই এই সুযোগ মিলবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দেশজুড়ে সাধারণ ছুটি রয়েছে। এর পরের দিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বাভাবিক কর্মদিবস। তবে কেউ যদি এই বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারেন, তবে এর সঙ্গে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সাধারণত বছরের শেষ ভাগে এসে চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার বা বার্ষিক অবকাশ যাপনের পরিকল্পনা করে থাকেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেট হাউজের কর্মীরা বছরের এই সময়টাতে ভ্রমণের জন্য মুখিয়ে থাকেন। ফলে ডিসেম্বরের এই ছুটির সমীকরণটি তাদের জন্য বছরের শেষ দিকে ভ্রমণের এক দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।



