৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
বিনোদন

প্রথম সম্মানী ছিল ৫ হাজার, এখন সিনেমাপ্রতি কত নেন মিম?

IMG_7425

অভিনয়জীবনের শুরুতে মাত্র পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সময়ের ব্যবধানে সেই অঙ্ক বদলেছে অনেকটাই। ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করা মিম এখন ঢালিউডের পরিচিত মুখ। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুর সেই প্রথম উপার্জন আজও বিশেষ স্মৃতি হয়ে আছে এই অভিনেত্রীর কাছে।

মিমের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। তাঁর পরিচালিত ‘রহস্য’ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম পারিশ্রমিক পান মিম। নাটকটির জন্য তাঁকে দেওয়া হয়েছিল পাঁচ হাজার টাকা। এক সাক্ষাৎকারে মিম জানিয়েছিলেন, প্রথম সম্মানীর সেই টাকা তিনি মায়ের হাতে তুলে দিয়েছিলেন। তবে হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া স্মারক হিসেবে টাকাটি এখনো যত্ন করে রেখে দিয়েছেন।

লাক্স বিজয়ী থেকে নায়িকা

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে মিমের সামনে খুলে যায় শোবিজের নতুন দরজা। যদিও এর আগে প্রায় দুই বছর ধরে মিডিয়ায় কাজের চেষ্টা করেছিলেন তিনি। শুরুতে মডেলিংয়ের পর নাটকে অভিনয়ের সুযোগ পান। তবে শুরু থেকেই নায়িকা চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল তাঁর।

একপর্যায়ে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও রাজি হননি মিম। মজার বিষয় হলো, পরবর্তী সময়ে নিজের প্রথম চলচ্চিত্রেই জাহিদ হাসানকে সহশিল্পী হিসেবে পান তিনি।

প্রথম সিনেমায় কত পেয়েছিলেন?

Advertisements

২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমের। প্রথম সিনেমাতেই তাঁর সহশিল্পী ছিলেন দেশের প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা। নতুন হিসেবে কাজ করতে গিয়ে শুরুতে কিছুটা জড়তা থাকলেও নির্মাতা হুমায়ূন আহমেদ তাঁকে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেছিলেন। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য তিন লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

এরপর ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘অন্তর্জাল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মিম। বিশেষ করে ‘পরাণ’ সিনেমার সাফল্য তাঁর জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করে।

এখন সিনেমাপ্রতি কত নেন মিম?

একসময় পাঁচ হাজার টাকায় অভিনয় শুরু করা মিমের পারিশ্রমিক এখন কয়েক গুণ বেড়েছে। গত বছর প্রকাশিত এক তথ্যে জানা যায়, বর্তমানে প্রতি সিনেমার জন্য ১৫ লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। অর্থাৎ অভিনয়জীবনের শুরুতে পাওয়া পাঁচ হাজার টাকা থেকে তাঁর পারিশ্রমিক পৌঁছেছে লাখের ঘরে। দীর্ঘ পথচলায় নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি পারিশ্রমিকের অঙ্কেও বড় পরিবর্তন এসেছে মিমের ক্যারিয়ারে।

Advertisements