নারী ক্রিকেটারদের নিরাপত্তায় বিসিবির পাঁচ সদস্যের কমিটি

নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। ওই সময় তিনি নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া কমিটিতে একজন সাবেক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।
এই কমিটির বিশেষ দিক হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়ানোর সুযোগ থাকবে।
এ বিষয়ে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাঁদের কথাটা বলতে পারবেন।’
নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করেছিল বিসিবি।
নতুন এই কমিটির মাধ্যমে নারী ক্রিকেটাররা যৌন হয়রানিসহ এ ধরনের অভিযোগ জানানোর জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম পাবেন বলে আশা করা হচ্ছে।



