কানাডার বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, মিলবে ১০ হাজার ডলারের বৃত্তি

কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ কর্মসূচির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৭।
বিশ্ববিদ্যালয়ের নাম: সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা।
বৃত্তির নাম: ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস।
পড়াশোনার স্তর: স্নাতক।
বৃত্তির সুযোগ-সুবিধা
এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন। পাশাপাশি কানাডার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং দেশটির শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
এ বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—
- আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
- স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ও ভাষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পছন্দের স্নাতক প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তি যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তির বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।



