২ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৭ কার্তিক ১৪৩৩
বিশ্ব

প্রেমের সন্ধানে ফিনল্যান্ড ভ্রমণ, অবিবাহিতের সব খরচ বহন করবে দেশটি

images (1)

জীবনসঙ্গীর খোঁজে এবার বিদেশ ভ্রমণের সুযোগ! বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিদের জন্য বিনা খরচে ফিনল্যান্ড ঘুরে আসার বিশেষ আয়োজন করেছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। ভ্রমণের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, খাবার এবং ফিনিশ নাগরিকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও থাকছে এই আয়োজনে। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ ভ্রমণ। নির্বাচিত অংশগ্রহণকারীদের বিমানভাড়া, থাকা-খাওয়া থেকে শুরু করে পুরো আয়োজনের যাবতীয় খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ। ফলে অংশগ্রহণকারীদের নিজের পকেট থেকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

ছবি:সংগৃহীত

এই ভ্রমণের মূল আকর্ষণ হতে যাচ্ছে বিশেষ নৈশভোজ। হেলসিংকি ও তাম্পেরে শহরে স্থানীয় অবিবাহিত ফিনিশ নাগরিকদের সঙ্গে একই টেবিলে বসে খাবার উপভোগ করবেন অতিথিরা। দেশটির জনপ্রিয় কয়েকজন শেফের তৈরি বিশেষ খাবারের তালিকায় থাকবে বুনো মাছ, নানা ধরনের বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুমসহ ঐতিহ্যবাহী ফিনিশ খাবার।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজের মতে, ফিনল্যান্ডের খাদ্যসংস্কৃতির সঙ্গে দেশটির সুখী জীবনযাপনের গভীর সম্পর্ক রয়েছে। খাবারের মাধ্যমে মানুষ প্রকৃতি, ঋতু এবং একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তাই এই আয়োজনের মধ্য দিয়ে ফিনল্যান্ডের জীবনধারা ও আতিথেয়তাকে বিশ্বের সামনে তুলে ধরতে চায় আয়োজকেরা।

আয়োজনটির পেছনে রয়েছে ফিনল্যান্ডের জনপ্রিয় ডেটিং সংস্কৃতি ‘সিঙ্কুকোরি’। ইংরেজিতে যার অর্থ ‘সিঙ্গেল বাস্কেট’ বা অবিবাহিতদের ঝুড়ি। দেশটির কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য বিশেষ গোলাপি রঙের ঝুড়ি রাখা হয়। কেনাকাটার সময় কেউ এই ঝুড়ি ব্যবহার করলে তা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহের ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। অপরিচিত মানুষের সঙ্গে আলাপ শুরু করার এমন সহজ ও মজার সংস্কৃতিই ‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের অন্যতম অনুপ্রেরণা।

ছবি:সংগৃহীত

এই সুযোগ পেতে আগ্রহীদের কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তিনি ফিনল্যান্ড ছাড়া বিশ্বের যেকোনো দেশের অবিবাহিত নাগরিক হতে পারবেন। আবেদন করতে হবে এককভাবে। ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।

Advertisements

আবেদনের জন্য ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করতে হবে। সেখানে উত্তর দিতে হবে একটি মজার প্রশ্নের—‘ডিনার ডেটে আপনি আপনার সঙ্গীকে কী খাবার খাওয়াতে চাইবেন এবং কেন?’ ভিডিওটি টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো যেকোনো পাবলিক সামাজিক যোগাযোগমাধ্যমে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করতে হবে। পাশাপাশি ট্যাগ করতে হবে ভিজিট ফিনল্যান্ডকে।

সব মিলিয়ে প্রেম, ভ্রমণ ও খাবারের স্বাদ—তিন অভিজ্ঞতাকে একসঙ্গে মেলানোর পরিকল্পনা করেছে ফিনল্যান্ড। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশটির সংস্কৃতি কাছ থেকে জানার এই সুযোগ কতজনের জীবনে নতুন সম্পর্কের সূচনা করে, সেটিই এখন দেখার বিষয়।

Advertisements