ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৫৫ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের বিভিন্ন মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ওঠানামা করেছে। সেপ্টেম্বরে এ রোগে ১৪৮ জনের মৃত্যু হয়। এর আগে আগস্টে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন প্রাণ হারান। জুন মাসে ডেঙ্গুতে মারা যান ১৩ জন। এ ছাড়া মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাব বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩২ হাজার ১০৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ সময়ে এ বিভাগে নতুন করে ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে এ পরিসংখ্যানে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ২৬৪ জন এবং বরিশাল বিভাগে ২২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮৮ জন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৭৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।



