থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৩১৫ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৪৯ জনের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।
একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।



