২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৩ কার্তিক ১৪৩৩
বিবিধ

চট্টগ্রাম-কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার

6aa3d0f9e3b07

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্দরগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে সংশ্লিষ্ট চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাতের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisements