এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নারীর মৃত্যু, তামাবিল দিয়ে ভারতে হস্তান্তর

ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি দেখা দেওয়ার পর ঢাকায় জরুরি অবতরণ করা হয়। ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ ভারতীয় নারী অঞ্জনা ভৌমিকের (৫৬) মৃত্যু হয়। পরে তার মরদেহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর চিকিৎসার জন্য আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিলেন অঞ্জনা ভৌমিক। যাত্রাপথে আকাশে উড়ন্ত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পরে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ অঞ্জনা ভৌমিককে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রীতালিকা অনুযায়ী, অঞ্জনা ভৌমিক ভারতের নাগরিক। তার সঙ্গে ওই উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী শান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাদের সবার জাতীয়তা ভারতীয় বলে যাত্রীতালিকায় উল্লেখ ছিল।
অঞ্জনা ভৌমিকের মরদেহ ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য পরবর্তী সময়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। তবে মৃত ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা নিকটাত্মীয়ের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন তাঁদের ট্রাভেল পারমিট দেয়। এর মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
সব প্রক্রিয়া শেষ হওয়ার পর বুধবার দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা ছিলেন। মরদেহের সঙ্গে তাঁর বোন শান্তা ভৌমিকও ভারতে ফেরার জন্য উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, বাংলাদেশ ইমিগ্রেশন, বিএসএফ এবং ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।



