২৬ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ১০ কার্তিক ১৪৩৩
নারী

এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি

এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোচ এডুকেশন টিউটরস কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের শরীফা অদিতি। আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ‘এএফসি কোচ এডুকেশন টিউটর্স কোর্স (নারী)-২০২৬’। এএফসি ‘এ’ লাইসেন্সধারী অদিতি এই কোর্সে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

এশিয়ার নারী কোচদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুন ও অভিজ্ঞ টিউটরদের দক্ষতা বাড়াতেই বিশেষ এই কোর্সের আয়োজন করেছে এএফসি। এতে এশিয়ার ২৩টি দেশের নারী কোচ অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আবেদন করে নির্বাচিত হয়েছেন সর্বশেষ নারী ফুটবল লিগে রাজশাহী স্টারসকে চ্যাম্পিয়ন করা অদিতি।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে অংশগ্রহণকারী কোচরা মূলত কোচদের শিক্ষক বা টিউটর হিসেবে গড়ে উঠবেন। পরবর্তী সময়ে তারা নিজ নিজ দেশে অন্য কোচদের প্রশিক্ষণ ও উন্নয়নে ভূমিকা রাখবেন।

বাংলাদেশ থেকে এর আগে এএফসি কোচ ইন্সট্রাক্টর হয়েছেন বাফুফের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি এএফসির নিবন্ধিত ইন্সট্রাক্টর হিসেবে বাফুফের অধীনে আয়োজিত এএফসি ‘এ’, ‘বি’ ও ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্সে টিউটরের দায়িত্ব পালন করে আসছেন।

ফুটবল কোচ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে শরীফা অদিতির। বর্তমানে তিনি রাজশাহী স্টারস এফসি নারী দলের প্রধান কোচ। প্রথমবার নারী ফুটবল লিগে অংশ নিয়েই তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টারস। এরপর এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগেও খেলার সুযোগ পেয়েছে দলটি।

এর আগে বসুন্ধরা কিংস নারী ফুটবল দলের সহকারী কোচ হিসেবে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন অদিতি। এছাড়া স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। তার অধীনে দক্ষিণ এশিয়া কাপ ফুটবলে রানার্সআপ হয়েছিল দলটি।

Advertisements

আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে অদিতির। এর মধ্যে মালয়েশিয়ায় এএফসি কাপে রাজশাহী স্টার এফসির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।

কুয়ালালামপুরের লে মেরিডিয়ান পিটালিং জয়া হোটেলে হবে পাঁচ দিনের এই কোর্স। এতে অংশ নিতে আগামী ২২ নভেম্বর মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে অদিতির।

এ প্রসঙ্গে অদিতি বলেন, ‘বাংলাদেশে নারী কোচদের মানোন্নয়নে আমি কাজ করতে চাই। কোচ এডুকেটর হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া আমার লক্ষ্য। যেন সামনের দিকে আরও নারী কোচ তৈরি হয়। এছাড়া নিজেরও মানোন্নয়ন হবে এই কোর্সের মাধ্যমে।’

অদিতির ওপরই আস্থা রাজশাহী স্টারসের

নতুন মৌসুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজশাহী স্টারস। আসন্ন নারী ফুটবল লিগের জন্য শরীফা অদিতিকেই প্রধান কোচ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী স্টারসের ম্যানেজার মুশফিকুর রহমান জানিয়েছেন, আগের কোচিং স্টাফও অপরিবর্তিত থাকছে।

নতুন মৌসুমে দল আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে রাজশাহী স্টারসের। বিশেষ করে বেশি সংখ্যক ও মানসম্পন্ন বিদেশি ফুটবলার দলে ভেড়ানোর লক্ষ্য তাদের। এ নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে ক্লাবটি।

Advertisements