২৬ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ১০ কার্তিক ১৪৩৩
বিনোদন

বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে তলব

বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে তলব

শাড়ি-কাণ্ডের একটি মামলার বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে (সানায়া চৌধুরী) হুমকি দেওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলা করেন সানায়া চৌধুরী।

বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।

সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী ও তানজিন তিশা

বাদী সানায়া চৌধুরী বলেন, ‘শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমার নারাজি মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নারাজি মঞ্জুর করেন। বিচারক নারাজির বিষয়ে শুনে এবং সব সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেন।
সেই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরই অভিনেত্রী তিশা আমাকে নানা লোক মারফত হত্যার হুমকি দেন এবং বাসায় লোকজন পাঠায়।’
সানায়া চৌধুরী আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনাতায় ভূগছি। এজন্য আমি মামলা করেছি। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাবো।’

Advertisements