পিএসসির নতুন সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা, জুলাইয়ে সরিয়েছিলেন শেখ হাসিনার ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। চুক্তিভিত্তিক এই নিয়োগের বিষয়ে রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন। এ ক্ষেত্রে যে সময়সীমাটি আগে পূর্ণ হবে, সেটিই কার্যকর হবে।
নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের জন্য তাঁর ওপর আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ। মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করবেন। পাশাপাশি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রতিশ্রুতিও দেন তিনি।
অধ্যাপক ড. শামীমা সুলতানা গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন। সে সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সরিয়ে ফেলেছিলেন। তাঁর এই পদক্ষেপ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দেয় এবং শিক্ষক সমাজেও বিষয়টি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।



