জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: জুবাইদা রহমান

মানবসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় বাংলাদেশের মানবিক সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে চলেছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে ডা. জুবাইদা রহমান মানবসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের কল্যাণে ছোট একটি উদ্যোগ কিংবা সামান্য প্রচেষ্টাও বড় পরিবর্তন আনতে পারে। এ লক্ষ্য সামনে রেখেই জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহায়তা দেওয়ার যে কার্যক্রম ফাউন্ডেশন পরিচালনা করছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ—এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্যোগ ও মানুষের কল্যাণে পরিচালিত কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। পুরো আলোচনা সভা সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘আইডিয়া ফেস্ট’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে চেক ও সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি দল। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নতুন উদ্যোগকে উৎসাহিত করার অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ ও তাঁর আদর্শকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। মানুষের জীবনমান উন্নয়ন, প্রয়োজনের সময়ে সহায়তা প্রদান এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনটি দেশজুড়ে পরিচিতি অর্জন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য, মানবিক কর্মকাণ্ড এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তিতে সংগঠনটির অতীত কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশাও উঠে আসে।



