তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দেশটিতে পাড়ি জমানোর প্রায় তিন বছর পর গ্রিন কার্ড পাওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দের খবর ভাগ করে নেন তিনি।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়টিও সামলাচ্ছিলেন এই অভিনেত্রী।
তবে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকায় দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছিল তাঁকে বলে জানা গেছে। অবশেষে গ্রিন কার্ড পাওয়ায় সেই অপেক্ষার অবসান হলো।
যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থায় গ্রিন কার্ডধারীরা দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজ করার সুযোগ পান। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও থাকে তাঁদের।
বাংলাদেশের চলচ্চিত্রে মৌসুমী দীর্ঘদিনের পরিচিত ও জনপ্রিয় এক নাম। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করে অভিনয়গুণ, পর্দায় উপস্থিতি ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের চলচ্চিত্র অঙ্গন ও দর্শকের কাছে মৌসুমীর জনপ্রিয়তা এখনো অটুট। তিন বছরের অপেক্ষা শেষে গ্রিন কার্ড পাওয়ার খবর তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা করল।



