আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মাছরাঙাকে দায়ী করলেন পরীমনি

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এ ঘটনায় সরাসরি মাছরাঙা টেলিভিশনকে দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ার কারণে স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজে মারাত্মক প্রভাব পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনের প্রকাশিত দুঃখ প্রকাশকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেন পরীমনি। তিনি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না। আপনারা আমার স্বাভাবিক জীবনটা আবার দুর্বিষহ করে দিয়েছেন। এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’
পরীমনি আরও জানান, ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ট্রল ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের সন্তানদের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারছেন না বলে জানান এই অভিনেত্রী। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার দিবাগত রাতে মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশিত হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত সেগুলো অ্যাকাউন্টে দেখা যায়। এর মধ্যে প্রথম দুটি ভিডিওর ভিউ যথাক্রমে প্রায় ১ লাখ ৫৫ হাজার ও ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়। ভিডিওগুলো ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
তবে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া ম্যানেজারের ভাষ্য অনুযায়ী, অননুমোদিতভাবে অ্যাকাউন্টে প্রবেশ করে এসব কনটেন্ট প্রকাশ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগও চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, ডিপফেক ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিনোদন অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ডিপফেকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অন্যদিকে, পরীমনি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে সৃষ্ট ক্ষতির জন্য মাছরাঙা টেলিভিশনকে দায়ী করে ক্ষোভ জানিয়েছেন।



