ছদ্মনামে লিখে ১০ লাখ ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে

ছদ্মনামে উপন্যাস জমা দিয়ে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিমিও প্লানেতা’ সাহিত্য পুরস্কার জিতেছেন চিলি-আমেরিকান লেখক ইসাবেল আয়েন্দে। ৮৪ বছর বয়সী এই লেখক পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ ইউরো। তাঁর পুরস্কারজয়ী উপন্যাসের নাম ‘লা ওরা আন্তেস দেল আলবা’। এটি ১৯৮২ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত প্রথম উপন্যাস ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’-এর পরবর্তী কাহিনি।
বার্সেলোনায় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া। পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আয়েন্দে বলেন, তাঁর কাছে এই অর্জন নোবেল পুরস্কার পাওয়ার মতোই আনন্দের। এর আগে কখনো কোনো সাহিত্য প্রতিযোগিতায় অংশ নেননি তিনি। প্রতিযোগিতায় হেরে যাওয়ার অভিজ্ঞতা এড়াতেই এত দিন এমন আয়োজন থেকে দূরে ছিলেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারানোর ভয়ও কমে গেছে বলে জানান তিনি।
পাঠকদের দীর্ঘদিনের অনুরোধেই নিজের জনপ্রিয় উপন্যাসের পরবর্তী পর্ব লেখার সিদ্ধান্ত নেন আয়েন্দে। তাঁর মতে, বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর কর্তৃত্ববাদ, উগ্র জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদের ক্রমবর্ধমান প্রভাব তাঁকে উদ্বিগ্ন করে তুলছে। বর্তমান পরিস্থিতি তাঁর মনে নিজের দেশ ছেড়ে যাওয়ার সময়কার ভয়াবহ স্মৃতিও ফিরিয়ে আনছে।
১৯৭৩ সালে চিলিতে সামরিক অভ্যুত্থানের পর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আয়েন্দে। ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দের সরকার ক্ষমতাচ্যুত হয়। সালভাদর আয়েন্দে ছিলেন লেখকের বাবার চাচাতো ভাই। পরবর্তী সময়ে অগাস্তো পিনোশের শাসনামলে চিলিতে ব্যাপক নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটে। বিভিন্ন হিসাব অনুযায়ী, সে সময় প্রায় ৪০ হাজার মানুষ নির্যাতনের শিকার হন এবং তিন হাজারের বেশি মানুষ নিহত হন।
প্রতিযোগিতায় আয়েন্দে ‘লুজ ভেনতুরা’ ছদ্মনাম ব্যবহার করেন। তাঁর জমা দেওয়া পাণ্ডুলিপির শিরোনাম ছিল ‘লস কে ফালতান’। তবে লিডস বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ডানকান হুইলারের ধারণা, লেখার স্বতন্ত্র ধরন বিবেচনায় অভিজ্ঞ বিচারকদের পক্ষে তাঁর পরিচয় শনাক্ত করা খুব কঠিন হওয়ার কথা নয়।
প্রিমিও প্লানেতা স্প্যানিশ ভাষার অন্যতম বড় অর্থমূল্যের সাহিত্য পুরস্কার। তবে অতীতে এই পুরস্কারের বিজয়ী নির্বাচন নিয়ে বিতর্কও হয়েছে। ২০২১ সালে ‘কারমেন মোলা’ ছদ্মনামে লেখা ‘লা বেস্তিয়া’ উপন্যাসটি পুরস্কার জিতেছিল। পরে জানা যায়, কারমেন মোলা কোনো একক লেখক নন। জর্জ দিয়াজ, আগুস্তিন মার্তিনেস ও আন্তোনিও মার্সেরো—এই তিন পুরুষ লেখক যৌথভাবে ওই ছদ্মনাম ব্যবহার করেছিলেন।
স্পেনের বড় প্রকাশনা প্রতিষ্ঠান প্লানেতা এই পুরস্কারের আয়োজক। নিয়ম অনুযায়ী, বিজয়ী উপন্যাসটি প্রতিষ্ঠানটির মাধ্যমেই প্রকাশিত হয়। এত দিন আয়েন্দের বই প্রকাশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্লাজা অ্যান্ড জানেস। ফলে তাঁর এই পুরস্কারজয় প্লানেতার জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে।
বিশ্বজুড়ে ইসাবেল আয়েন্দের বইয়ের আট কোটির বেশি কপি বিক্রি হয়েছে। তাঁর সাহিত্যকর্ম ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন স্প্যানিশ লেখক ও চিত্রনাট্যকার সের্হিও এরনান্দেস। তাঁর ঐতিহাসিক উপন্যাস ‘লা আনিওরানসা’র জন্য তিনি পেয়েছেন দুই লাখ ইউরো।
সূত্র: প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন।



