১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৩১ আশ্বিন ১৪৩৩
বিনোদন

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে রহস্য, কে সেই ব্যবসায়ী?

IMG_6236

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ কিছু ছবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ওই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে সম্বোধন করেছেন অপু। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই ব্যক্তি?

একসময় ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীদের একজন ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবনের অবসানের পর অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। যদিও সেসব আলোচনা দীর্ঘস্থায়ী হয়নি।

সম্প্রতি নতুন করে আলোচনার সূত্রপাত হয় অপুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। বুধবার (১৪ অক্টোবর) এক ব্যক্তির সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। একটি ছবিতে ওই ব্যক্তিকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন অপু। অন্য একটি ছবিতে তাঁর কাঁধে হাত রেখেছেন ওই ব্যক্তি। আরেকটি ছবিতে তাঁকে ওই ব্যক্তির হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিগুলোর সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’ ওই ব্যক্তির কাছ থেকে ব্যবসা সম্পর্কে নতুনভাবে জানতে পারা, নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

অপু আরও লেখেন, জীবনের পথচলায় ওই ব্যক্তির শেখানো বিষয়গুলো তাঁর কাছে মূল্যবান। জন্মদিনে তাঁর সাফল্য, স্বপ্নপূরণ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন অভিনেত্রী।

শুভেচ্ছাবার্তার শেষাংশে ওই ব্যক্তিকে শুধু ব্যবসায়িক পরামর্শদাতা নয়, প্রিয় বন্ধু হিসেবেও পাশে থাকার আহ্বান জানান অপু। তাঁদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা যেন আরও দীর্ঘ হয়, সেই প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।

Advertisements

পোস্টটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল বাড়তে থাকে। তবে মন্তব্য এড়াতে পোস্টটির কমেন্ট অপশন বন্ধ করে দেন অভিনেত্রী। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয়ও নিজে থেকে প্রকাশ করেননি তিনি।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অপুর সেই ‘প্রিয় বন্ধু’র নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে ব্যবসায়ও মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক পথচলায় ফেরদৌস হাসানের সহযোগিতা ও পরামর্শ পাচ্ছেন তিনি। তবে তাঁদের সম্পর্ক কেবল ব্যবসায়িক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাইরে অন্য কোনো সমীকরণ রয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ফলে অপুর রহস্যময় ‘প্রিয় বন্ধু’কে ঘিরে ভক্তদের কৌতূহল রয়েই গেছে।

Advertisements