কালো পোশাকে ফারিয়ার নতুন লুক

নিজের ব্যতিক্রমী সাজে আবারও আলোচনায় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’
ছবিতে ফারিয়াকে দেখা গেছে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট ও ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। সব মিলিয়ে তার সাজে ছিল ভিন্নধর্মী ও সাহসী ফ্যাশনের ছাপ।
ফারিয়ার এই নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার সাজের প্রশংসা করেছেন, কেউ আবার নেতিবাচক মন্তব্য করেছেন। এক অনুসারী ছবিগুলোর প্রশংসা করে লিখেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’ আরেক ভক্তের মন্তব্য, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’
তবে নেতিবাচক মন্তব্য নিয়ে খুব একটা বিচলিত নন অভিনেত্রী। ছবি প্রকাশের চার ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্টটিতে প্রায় তিন হাজার প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। ইনস্টাগ্রামে একই ছবিতে সাড়া আরও বেশি, সেখানে প্রতিক্রিয়া এসেছে পাঁচ হাজারের বেশি।
এর আগে শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়া নিয়ে আলোচনায় এসেছিলেন ফারিয়া। বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি।
বর্তমানে ফারিয়ার হাতে রয়েছে এম এইচ খোকন পরিচালিত সিনেমা ‘লজ্জা’। কিছুদিন আগে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।



