সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে ১৬ অক্টোবর থেকে আবারও সাজেকে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে সই করেন সংগঠন দুটির সভাপতি নতুন জয় চাকমা ও আহ্বায়ক বাবুধন চাকমা।
বিবৃতিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন সড়কের অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
তবে সংগঠন দুটি জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে এ কর্মসূচি দেওয়া হয়নি। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই অবরোধের ডাক দেওয়া হয়েছে। প্রশাসন তাদের দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর আবারও কর্মসূচি পালন করা হবে।
এ সময় সাজেকবাসীর তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানায় সংগঠন দুটি।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা গণবিজ্ঞপ্তিতে সাজেক পর্যটন ভ্যালির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়। এর ফলে দুর্গাপূজার ছুটিতে সাজেক ভ্রমণের পথ আবারও উন্মুক্ত হলো পর্যটকদের জন্য।



