১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৮ আশ্বিন ১৪৩৩
বিনোদন

১৩ দিন ধরে হাসপাতালে, এখন কেমন আছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা?

images

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। তবে শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলেও বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন তিনি।

জানা গেছে, রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা আক্তার কল্পনা। তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইমরান হাসো।

গত সোমবার (১২ অক্টোবর) অভিনেত্রীকে দেখতে হাসপাতালে যান ইমরান হাসো ও সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক সূচনা সিকদার। এ সময় তাঁরা অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পাশে কিছুটা সময় কাটান।

ইমরান হাসোর ভাষ্য অনুযায়ী, অসুস্থতার শুরুর দিকে খালেদা আক্তার কল্পনার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। টানা চার থেকে পাঁচ দিন তিনি কথাও বলতে পারেননি। তবে বর্তমানে তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

হাসপাতালে দেখতে যাওয়ার পর ইমরান জানান, তাঁদের দেখে অভিনেত্রী বেশ আনন্দিত হয়েছেন। এ সময় তিনি শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

ইমরান বলেন, শিল্পীরা শুধু সহকর্মী নন, তাঁরা একে অপরের পরিবারেরও অংশ। সুখে-দুঃখে এবং বিপদে-আপদে পাশে থাকাই তাঁদের দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। অভিনয়শিল্পী সংঘ অতীতের মতো ভবিষ্যতেও শিল্পীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

Advertisements

এদিকে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মায়ের চরিত্রে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন

খালেদা আক্তার কল্পনা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে পার্শ্বচরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

বিশেষ করে মা চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই গুণী শিল্পী।

বর্তমানে নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাঁকে। শারীরিকভাবে সুস্থ থাকলে মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন। বড় পর্দায় সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘তছনছ’ সিনেমায়।

দীর্ঘদিন ধরে দর্শককে অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করা এই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও অনুরাগীরা।

Advertisements