রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশনা

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে।
বিশেষ করে রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শনের নির্দেশ দিয়েছে মাউশি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ‘র্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
২৬ অক্টোবরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন
মাউশির নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের তাঁদের আওতাধীন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করতে হবে।
প্রতিবেদনে জেলার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশের আয়োজন এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের বিস্তারিত উল্লেখ করতে হবে।
এসব তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতেই এসব সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মাউশি।



