১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৮ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বিচ্ছেদের পরও বন্ধুত্বের নজির: প্রাক্তন স্ত্রীর বিয়েতে পুরোহিত হলেন স্পাইডার-ম্যান তারকা

tobey-maguire-officiates-wedding-of-ex-wife-jennifer-meyer-20261013114058

বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগওয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা সম্প্রতি নিজের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের দ্বিতীয় বিয়েতে শুধু অতিথি হিসেবে উপস্থিত হননি, বরং বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

বিনোদনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সংগীত নির্বাহী জিওফ ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। আর সেই বিশেষ মুহূর্তে বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন টোবি ম্যাগওয়ার। বিচ্ছেদের পর এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি সামনে আসতেই আলোচনায় এসেছেন এই অভিনেতা।

জেনিফারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন টোবির ঘনিষ্ঠ বন্ধু লিওনার্দো ডিক্যাপ্রিও, তাঁর প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার রেচেল জো এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

টোবি ম্যাগওয়ার ও জেনিফার মেয়ারের পরিচয় হয় ২০০৩ সালে। ২০০৭ সালে বিয়ের পর দীর্ঘদিন একসঙ্গে সংসার করেন তাঁরা। তবে ২০১৭ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেন এই দম্পতি। পরে তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয় এবং গত ২১ সেপ্টেম্বর তা চূড়ান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের দায়িত্ব পালন এবং পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, চলতি বছরের শুরুতে নতুন সঙ্গী জিওফ ওগুনলেসির সঙ্গে কন্যাসন্তানের মা হন জেনিফার।

জেনিফারের বিয়ের অনুষ্ঠানে তিন সন্তানের উপস্থিতিও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাক্তন দম্পতির এমন আন্তরিক সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তাঁদের এই আচরণ মনে করিয়ে দিচ্ছে, দাম্পত্য সম্পর্ক শেষ হলেও পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সন্তানদের প্রতি দায়িত্ববোধ অটুট রাখা সম্ভব।

Advertisements
Advertisements