প্রথম ডেটে যে ৫টি কথা বলা জরুরি নয়

প্রথম ডেট মানেই নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করার পরীক্ষা নয়। বরং এটি এমন একটি সুযোগ, যেখানে দুজন মানুষ পরস্পরকে জানার পাশাপাশি বোঝার চেষ্টা করেন—তাঁদের ভাবনা, পছন্দ ও ব্যক্তিত্ব কতটা একে অপরের সঙ্গে মানানসই। অথচ নতুন সম্পর্কের শুরুতে অনেকেই অজান্তেই নিজের আচরণ, জীবনযাপন কিংবা অতীতের নানা বিষয় নিয়ে ব্যাখ্যা দিতে শুরু করেন। অন্যজন কী ভাববেন, সেই দুশ্চিন্তা থেকেই তৈরি হয় অপ্রয়োজনীয় চাপ।
কিন্তু সম্পর্কের শুরুতেই সব প্রশ্নের উত্তর দেওয়া কিংবা প্রতিটি সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখানো জরুরি নয়। নিজের স্বাচ্ছন্দ্য বজায় রেখে স্বাভাবিকভাবে কথা বলাই বরং বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ডেটে এমন পাঁচটি বিষয় রয়েছে, যেগুলো নিয়ে অযথা কৈফিয়ত না দিলেও চলে।
১. নিজের ব্যক্তিগত সীমারেখা নিয়ে
প্রথম সাক্ষাতেই নিজের জীবনের সব ব্যক্তিগত কথা খুলে বলতে হবে, এমন কোনো নিয়ম নেই। কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি লাগতে পারে, আবার দেখা করার স্থান কিংবা কথোপকথনের বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রেও আপনার নিজস্ব পছন্দ থাকতে পারে। এসব বিষয়ে নিজের অবস্থান জানাতে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
আপনি চাইলে সহজভাবে বলতে পারেন, ‘এ বিষয়ে এখন কথা বলতে চাইছি না।’ এতটুকুই যথেষ্ট। নিজের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার জন্য কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই।
বরং প্রথম ডেটেই লক্ষ করুন, আপনার সঙ্গী আপনার সিদ্ধান্তকে কীভাবে গ্রহণ করছেন। আপনি কোনো বিষয়ে ‘না’ বললে তিনি সেটিকে সম্মান করছেন কি না, তা ভবিষ্যতের সম্পর্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে। কারণ সুস্থ সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর।
২. জীবন এখনো পরিকল্পনামতো এগোচ্ছে না
ক্যারিয়ারে প্রত্যাশিত সাফল্য আসেনি, চাকরি খুঁজছেন, পড়াশোনা শেষ করেও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রয়েছেন কিংবা জীবনের পরবর্তী পদক্ষেপ এখনো ঠিক করতে পারেননি—এসব নিয়ে প্রথম ডেটে অস্বস্তিতে পড়ার কিছু নেই।
অনেকেই নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার সময় নিজের জীবনের ইতিবাচক দিকগুলো বেশি করে তুলে ধরতে চান। কখনো আবার বর্তমান পরিস্থিতির জন্য আগেভাগেই ব্যাখ্যা দিতে থাকেন, যেন অন্যজন তাঁকে ভুল না বোঝেন। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেকের জীবন একই গতিতে এগোয় না। কারও সাফল্য আসে দ্রুত, আবার কারও নিজের অবস্থান তৈরি করতে সময় লাগে।
আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো পরিচয় নয়। জীবনের কোনো একটি পর্যায়ে অনিশ্চয়তা থাকা মানেই আপনি ব্যর্থ, এমনটিও নয়। ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা থাকলে তা শেয়ার করতে পারেন, আবার কিছু বিষয় এখনো পরিষ্কার না হলেও সেটি স্বীকার করতে পারেন।
প্রথম ডেটে নিজের জীবনকে নিখুঁত প্রমাণ করার চেয়ে সৎ ও স্বাভাবিক থাকাই বেশি জরুরি। সম্পর্কের শুরুতে নিজের বাস্তব অবস্থাকে আড়াল করে কৃত্রিম একটি ভাবমূর্তি তৈরি করার প্রয়োজন নেই।
৩. মেসেজের উত্তর দিতে দেরি হওয়ার কারণ
সম্পর্কের শুরুতে যোগাযোগের ধরন নিয়ে অনেকের মধ্যেই প্রত্যাশা তৈরি হয়। কত দ্রুত মেসেজের উত্তর দেওয়া হলো, কে আগে যোগাযোগ করলেন কিংবা উত্তর দিতে কতক্ষণ সময় লাগল—এসব বিষয় কখনো কখনো অপ্রয়োজনীয় হিসাবের কারণ হয়ে দাঁড়ায়।
অথচ কাজ, পড়াশোনা, পরিবার, বন্ধু কিংবা নিজের জন্য সময় রাখা—সবই স্বাভাবিক জীবনের অংশ। তাই কয়েক ঘণ্টা পর মেসেজের উত্তর দেওয়ার জন্য বারবার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।
তবে ইচ্ছাকৃতভাবে কাউকে দীর্ঘদিন উপেক্ষা করা এবং ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরি হওয়া এক বিষয় নয়। একটি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ, আন্তরিকতা ও যোগাযোগের ধারাবাহিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার অর্থ এই নয় যে প্রতিটি দেরির জন্য অপরাধবোধে ভুগতে হবে।
সম্পর্কের শুরুতেই বোঝার চেষ্টা করুন, আপনাদের যোগাযোগের প্রত্যাশা কতটা সামঞ্জস্যপূর্ণ। একজন যদি সারাক্ষণ যোগাযোগ আশা করেন আর অন্যজন কিছুটা ব্যক্তিগত সময় পছন্দ করেন, তাহলে এ নিয়ে খোলামেলা আলোচনা করা যেতে পারে। তবে নিজের স্বাভাবিক জীবনযাপনের জন্য অযথা ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।
৪. নিজের ব্যক্তিত্ব নিয়ে আগেভাগে দুঃখ প্রকাশ করা
প্রথম ডেটে অনেকেই কথার শুরুতেই নিজের স্বভাব সম্পর্কে সতর্ক করে দেন। যেমন, ‘আমি একটু বেশি কথা বলি’, ‘আমি নতুন মানুষের সঙ্গে সহজে মিশতে পারি না’ কিংবা ‘আমি অনেক প্রশ্ন করি, কিছু মনে করবেন না।’
এ ধরনের কথা স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। তবে নিজের ব্যক্তিত্বের কোনো দিক অন্যজনের অপছন্দ হতে পারে ভেবে আগেই ক্ষমা চাওয়া আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে।
আপনি অন্তর্মুখী হতে পারেন, প্রাণবন্ত স্বভাবের হতে পারেন, অনেক প্রশ্ন করতে ভালোবাসতে পারেন কিংবা নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। এসব বৈশিষ্ট্য আপনাকে অন্যদের থেকে আলাদা করে। কাউকে ভালো লাগানোর জন্য নিজের স্বাভাবিক আচরণকে ছোট করে দেখানোর প্রয়োজন নেই।
অবশ্য ব্যক্তিত্বের স্বাধীনতা মানে অন্যের অনুভূতি উপেক্ষা করা নয়। কথাবার্তা বা আচরণে কেউ অস্বস্তি বোধ করলে তা বোঝার চেষ্টা করা এবং প্রয়োজন হলে নিজের আচরণে পরিবর্তন আনা সম্পর্কেরই অংশ।
তবে শুধু গ্রহণযোগ্য হওয়ার আশায় নিজেকে অন্য মানুষ হিসেবে তুলে ধরবেন না। প্রথম ডেটের উদ্দেশ্য হলো দুজনের মধ্যে স্বাভাবিক বোঝাপড়া তৈরি হচ্ছে কি না, তা আবিষ্কার করা। সেখানে অভিনয়ের চেয়ে আন্তরিকতা অনেক বেশি মূল্যবান।
৫. এখনো কেন সম্পর্কে জড়াননি
‘আপনি এখনো সিঙ্গেল কেন?’—প্রথম ডেটে এমন প্রশ্নের মুখোমুখি হলে অনেকেই নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ কিংবা দীর্ঘদিন সম্পর্কে না থাকার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে শুরু করেন।
কিন্তু সিঙ্গেল থাকা এমন কোনো পরিস্থিতি নয়, যার জন্য কাউকে জবাবদিহি করতে হবে। কেউ হয়তো নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে চেয়েছেন, কেউ ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, আবার কেউ হয়তো উপযুক্ত মানুষের দেখা পাননি। কারও জীবনে সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে, কারও ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন।
আপনি নিজের অতীত নিয়ে কতটা কথা বলতে চান, সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। প্রথম পরিচয়েই ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস বিস্তারিতভাবে প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই।
এ ধরনের প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়া যায়। যেমন, ‘এখনো ঠিক উপযুক্ত মানুষের সঙ্গে পরিচয় হয়নি’ অথবা ‘এই সময়টায় নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলাম।’ চাইলে নিজের অভিজ্ঞতা আরও বিস্তারিতভাবে শেয়ার করতে পারেন, তবে সেটি হওয়া উচিত আপনার স্বাচ্ছন্দ্য ও ইচ্ছা থেকে।
পাশাপাশি খেয়াল রাখুন, অন্যজন আপনার উত্তরকে কীভাবে দেখছেন। আপনার অতীত বা বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে অযথা বিচার করা কিংবা আপনাকে অস্বস্তিতে ফেলার প্রবণতা থাকলে সেটিও লক্ষ করার মতো বিষয়।
প্রথম ডেটে সবচেয়ে জরুরি নিজের মতো থাকা
প্রথম ডেটের সাফল্য নির্ভর করে আপনি কতটা ভালোভাবে নিজেকে উপস্থাপন করলেন, তার ওপরই শুধু নয়; বরং দুজন মানুষ একে অপরের সঙ্গে কতটা স্বচ্ছন্দ বোধ করলেন, সেটিও গুরুত্বপূর্ণ। কথোপকথনের প্রতিটি মুহূর্তে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা কিংবা নিজের প্রতিটি সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখাতে থাকলে পরিচয়ের স্বাভাবিক আনন্দটাই হারিয়ে যেতে পারে।
মনে রাখবেন, নিজের সীমারেখা, জীবনের অনিশ্চয়তা, ব্যক্তিত্ব কিংবা ব্যক্তিগত অতীত নিয়ে কতটা কথা বলবেন, তা নির্ধারণ করার অধিকার আপনার রয়েছে। একই সঙ্গে অন্যজনের কথা শোনা, তাঁর সীমারেখাকে সম্মান করা এবং নিজের আচরণ সম্পর্কে সচেতন থাকাও সমান গুরুত্বপূর্ণ।
প্রথম ডেট কাউকে মুগ্ধ করার প্রতিযোগিতা নয়, বরং দুজনের মধ্যে সত্যিকারের বোঝাপড়া তৈরি হওয়ার সম্ভাবনা যাচাই করার একটি সুযোগ। তাই সবকিছুর ব্যাখ্যা দেওয়ার চাপ না নিয়ে কথোপকথনকে স্বাভাবিক হতে দিন। যে সম্পর্কে নিজের মতো থাকা যায়, সেখানে সম্পর্কের শুরুটাই হয়ে উঠতে পারে অনেক বেশি সুন্দর ও স্বস্তিদায়ক।



