৭ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

টিউমার নয়, পরীক্ষায় মিলল ৭ মাসের গর্ভধারণ; নানা পলাতক

images (18)

কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির প্রায় সাত মাসের গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় অভিযুক্ত সৎ নানা রইচ উদ্দিন (৫৫) পলাতক রয়েছেন।

রইচ উদ্দিন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ ও শিশুটির স্বজনদের কাছ থেকে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শিশুটির মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর শিশুটিকে সৎ নানার বাড়িতে পাঠানো হয়। সেখানে একা পেয়ে হত্যার ভয় দেখিয়ে রইচ উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি পেটে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। প্রথমে পেটে টিউমার হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা করার পর চিকিৎসক জানান, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত রইচ উদ্দিনকে ধরে পুলিশকে খবর দেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

বর্তমানে শিশুটি ও তার নানী কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শিশুটির শারীরিক অবস্থা যাচাই করতে পুনরায় প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisements

শিশুটির নানীর অভিযোগ, প্রায় এক বছর ধরে হত্যার ভয় দেখিয়ে তার নাতনিকে নির্যাতন করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি। পেটে ব্যথার পর চিকিৎসকের কাছে নেওয়া হলে গর্ভধারণের বিষয়টি জানতে পারেন তারা।

শিশুটির মামা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান তারা। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

সূত্র: সমকাল

Advertisements