৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

যুক্তরাষ্ট্রে পেস্ট্রি খেতে দোকানে ঢুকে পড়ল ক্ষুধার্ত ভালুক

297b53df-a4b0-42cb-bd54-5d1e5e81bfca

যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি বাজারে হঠাৎ ঢুকে পড়ে একটি ক্ষুধার্ত ভালুক। সেখানে একটি স্টলে রাখা নানা ধরনের পেস্ট্রি ও বেকারি পণ্য খেতে শুরু করে প্রাণীটি। পরে বন্যপ্রাণী কর্মকর্তাদের তৎপরতায় ভালুকটিকে বাজার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) বাজারের স্টলগুলো প্রস্তুত করার সময় ভালুকটি সেখানে প্রবেশ করে। অপ্রত্যাশিত এই অতিথির কাণ্ড দেখে উপস্থিত লোকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ভালুকটি ‘লুস সুইস’ নামের একটি স্টলে গিয়ে একের পর এক বেকারি পণ্য খেতে শুরু করে। কিছুক্ষণ ধরে সেখানে খাবার খাওয়ার পর সেটিকে বাজার থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন সংশ্লিষ্টরা।

কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফের মুখপাত্র জোয়ি লিভিংস্টনের বরাতে জানা যায়, ভালুকটিকে বাজার এলাকা থেকে বের করতে অ্যাসপেন পুলিশের সদস্যরা প্রথমে সেটিকে ভয় দেখানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে বন্যপ্রাণী বিভাগের একজন কর্মকর্তাও উপস্থিত হন।

একপর্যায়ে ভালুকটি কাছের একটি গাছে উঠে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাণীটি নিজেই ওই এলাকা ছেড়ে চলে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর ভালুক ও মানুষের মধ্যে সংঘাতের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে তীব্র খরারও ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। খরার কারণে ভালুকের প্রাকৃতিক খাদ্যের উৎস কমে যাওয়ায় তারা খাবারের সন্ধানে মানুষের বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে।

Advertisements

বছরের এই সময়ে ভালুক সাধারণত তুলনামূলক বেশি সক্রিয় থাকে। শীত আসার আগে তারা শরীরে অতিরিক্ত চর্বি জমিয়ে নেয়। শীতকালে দীর্ঘ সময় খাবার না খেয়ে বা আশ্রয়স্থলে অবস্থান করে টিকে থাকতে এই সঞ্চিত চর্বিই তাদের শক্তির অন্যতম উৎস হিসেবে কাজ করে।

Advertisements