প্রথম ডেটে মন জিততে, এড়িয়ে চলুন এই ৪ বিষয়

প্রথমবার পছন্দের কারও সঙ্গে দেখা করতে গেলে উত্তেজনা, নার্ভাসনেস কিংবা অস্বস্তি—সবই স্বাভাবিক। নতুন একজন মানুষের সামনে নিজেকে ভালোভাবে তুলে ধরতে গিয়ে অনেকেই অজান্তে প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলেন। অথচ প্রথম ডেটের উদ্দেশ্য নিজেকে প্রমাণ করা নয়, বরং দুজনের মধ্যে স্বাচ্ছন্দ্য ও বোঝাপড়ার শুরু করা।
তাই প্রথম দেখাতেই সব কথা বলে ফেলার বদলে কিছু বিষয় সময় নিয়ে আলোচনা করাই ভালো। বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের শুরুতে ব্যক্তিগত সীমারেখা বজায় রাখলে দুজনের মধ্যেই স্বস্তি ও পারস্পরিক সম্মান তৈরি হয়।

পুরোনো সম্পর্কের গল্পে না যাওয়াই ভালো
প্রথম ডেটেই আগের সম্পর্কের পুরো ইতিহাস তুলে ধরার প্রয়োজন নেই। কেন সম্পর্ক ভেঙেছে, সাবেক সঙ্গীর সঙ্গে কী ঘটেছিল কিংবা আপনি এখনো কেন সিঙ্গেল—এ ধরনের প্রশ্ন উঠলেও বিস্তারিত আলোচনায় না যাওয়াই ভালো।
অতীত অবশ্যই জীবনের অংশ। তবে নতুন একজন মানুষের সঙ্গে সম্পর্কের শুরুতেই পুরোনো সম্পর্কের গল্প বেশি গুরুত্ব পেলে বর্তমান মানুষটির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগটাই কমে যেতে পারে। সম্পর্ক কিছুটা এগিয়ে গেলে পারস্পরিক আস্থার ভিত্তিতে এসব বিষয় নিয়ে কথা বলা যেতে পারে।
ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন
প্রথম দেখাতেই বেতন, পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত অভ্যাস কিংবা জীবনের স্পর্শকাতর বিষয়গুলো বিস্তারিত জানানোর প্রয়োজন নেই। অপর পক্ষ কোনো ব্যক্তিগত প্রশ্ন করলে উত্তর দিতে অস্বস্তি হলে সেটি সরাসরি জানানোও স্বাভাবিক।
প্রয়োজনে বলতে পারেন, ‘এটা নিয়ে এখনই কথা বলতে একটু অস্বস্তি লাগছে।’ নিজের ব্যক্তিগত সীমারেখা স্পষ্ট করা কোনোভাবেই অভদ্রতা নয়।

ক্যারিয়ার নিয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করবেন না
চাকরি পরিবর্তনের পরিকল্পনা, ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—এসব জীবনের স্বাভাবিক বিষয়। প্রথম ডেটেই নিজেকে সফল বা যোগ্য প্রমাণ করতে গিয়ে ক্যারিয়ার নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।
নিজের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে স্বাভাবিকভাবে কথা বলাই যথেষ্ট। মনে রাখতে হবে, প্রথম দেখাতেই নিজের জীবনের সবকিছুর হিসাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
মেসেজের জবাব দিতে দেরি হলে অতিরিক্ত ব্যাখ্যা নয়
কাজের ব্যস্ততা, ফোন কাছে না থাকা কিংবা মেসেজ চোখে না পড়ার কারণে উত্তর দিতে দেরি হতেই পারে। এ নিয়ে প্রতিবার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

সম্পর্কের শুরুতেই যদি একজন আরেকজনের প্রতিটি কাজের কারণ বা সময়ের হিসাব চাইতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে অতিরিক্ত অধিকারবোধ তৈরি হতে পারে। তাই শুরু থেকেই ব্যক্তিগত পরিসর ও পারস্পরিক স্বাধীনতার প্রতি সম্মান রাখা জরুরি।
প্রথম ডেটকে পরীক্ষার মতো না নিয়ে স্বাভাবিকভাবে সময় কাটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসঙ্গে কথা বলা, একে অপরের পছন্দ-অপছন্দ জানা এবং স্বাচ্ছন্দ্য তৈরি করাই হওয়া উচিত মূল লক্ষ্য। সব কথা একদিনেই বলার প্রয়োজন নেই; বরং সময়ের সঙ্গে আস্থা তৈরি হলে ব্যক্তিগত বিষয়গুলোও স্বাভাবিকভাবেই ভাগ করে নেওয়া যায়।



