৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

শিশুদের ভবিষ্যৎ গড়ার উদ্যোগে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

a2bbb22c-89c4-450b-ae57-d48ed2de

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে বিশ্বনেতাদের ব্যস্ততার মধ্যেই শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়ে বিশেষ একটি বৈঠকের আয়োজন করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও।

অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিশ্বের শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনা বিকাশে সহায়তা করা।

সংগৃহীত

বৈঠকে ডা. জুবাইদা রহমান উপস্থিত হলে তাকে স্বাগত জানান মেলানিয়া ট্রাম্প। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সাক্ষাতের সেই মুহূর্তের একটি ছবি সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেলানিয়া ট্রাম্প বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শিশুদের কল্যাণ ও তাদের ভবিষ্যৎ গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্বের প্রতিটি শিশুকে তার মেধা ও সম্ভাবনা বিকশিত করার সুযোগ করে দিতে ফার্স্ট লেডিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মেলানিয়ার নতুন এই উদ্যোগে শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা—এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুযোগ সৃষ্টি এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত এই বৈঠক শিশুদের কল্যাণে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে সামনে এসেছে। মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ উদ্যোগকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Advertisements
Advertisements