৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

প্রথম দিনেই ‘দৃশ্যম ৩’-এর ঝড়, অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন রেকর্ড

drishyam-the-conclusion-movie-review_1790911621171_ecmI_1790911631937_kO5f_de43c10c-d794-475c-8959-7a8f99dd5049_o1Td

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড়সড় সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) মুক্তি পাওয়া সিনেমাটি উদ্বোধনী দিনেই গড়েছে নতুন রেকর্ড।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, ভারতে প্রথম দিনে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৬.৭৫ কোটি রুপি। দেশটির বাজারে গ্রস আয় দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি। ভারতের বাইরে থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ৯৫.১০ কোটি রুপি।

এই আয়ের মধ্য দিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির উদ্বোধনী দিনের আয়কে ছাড়িয়ে গেছে তৃতীয় কিস্তি। ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘দৃশ্যম’ প্রথম দিনে ভারতে নিট আয় করেছিল ৫.৮৫ কোটি রুপি। অন্যদিকে ২০২২ সালের ‘দৃশ্যম ২’ উদ্বোধনী দিনে আয় করেছিল প্রায় ১৫.৩৮ কোটি রুপি।

শুধু ফ্র্যাঞ্চাইজির রেকর্ডই নয়, ‘দৃশ্যম ৩’-এর এই উদ্বোধনী আয় অজয় দেবগনের অভিনয় ক্যারিয়ারেও নতুন মাইলফলক তৈরি করেছে।

সিনেমায় আবারও দর্শকদের সামনে এসেছে বিজয় সালগাঁওকর চরিত্রটি। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তার বুদ্ধি ও নানা কৌশলের গল্পই ‘দৃশ্যম’ সিরিজের মূল আকর্ষণ। সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তিতেও রয়েছে ক্রাইম, রহস্য ও টানটান উত্তেজনা।

প্রায় আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার পরিচালনা করেছেন অভিষেক পাঠক। অজয় দেবগনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাবু ও জয়দীপ অহলাওয়াত। তাবুকে দেখা গেছে মীরা দেশমুখ চরিত্রে, আর জয়দীপ অহলাওয়াত অভিনয় করেছেন এসপি রাজবীর সিং চরিত্রে।

Advertisements

প্রথম দিনের বক্স অফিস সাফল্যের পর এখন সিনেমাটির পরবর্তী দিনের আয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে।

Advertisements