২ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

অক্টোবরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কেমন থাকবে দেশের আবহাওয়া?

jhor-1790915669

বর্ষার বিদায়ঘণ্টা বাজতে না বাজতেই সামনে আসছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার আভাস। চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ শক্তি সঞ্চয় করে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অক্টোবরের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অক্টোবরের আবহাওয়ার এমন চিত্র উঠে এসেছে। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে। তবে বিচ্ছিন্নভাবে বজ্রঝড়ের সম্ভাবনাও থাকবে। মাসজুড়ে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে। অন্যদিকে, মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে কমতে শুরু করতে পারে দিন ও রাতের তাপমাত্রা। যদিও পুরো অক্টোবরজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

অক্টোবরের শুরুতেই অবশ্য গরমের অনুভূতি খুব একটা কমবে না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১ থেকে ১০ অক্টোবর দেশের অধিকাংশ এলাকায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় মাসের প্রথম দুই দিন আকাশ তুলনামূলক বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পস্থায়ী বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ থাকবে কম। দিনের বেলায় বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। অধিকাংশ বৃষ্টিই দুপুর থেকে রাত ১২টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম দশ দিনে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত ঘণ্টা রোদ থাকতে পারে। ফলে বৃষ্টির বিরতির সময় দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। যেসব এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে, সেখানে বজ্রপাতের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

অক্টোবরের দ্বিতীয় দশকে আবহাওয়ার চিত্র কিছুটা বদলাতে পারে। ১১ থেকে ২০ অক্টোবর দেশের আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মেঘের উপস্থিতি তুলনামূলক বেশি থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

এর মধ্যেই দেশের ওপর থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু।পূর্বাভাস অনুযায়ী, ১৪ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমি বায়ুর বিদায়ের পরই বঙ্গোপসাগরে নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে। সেটি শক্তিশালী হলে ১৭ অক্টোবরের পর গভীর সমুদ্র কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। পাশাপাশি ১৯ ও ২০ অক্টোবর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও কিছুটা বাড়তে পারে। শুধু সাগর নয়, অক্টোবরজুড়ে নজর থাকবে দেশের নদনদীর দিকেও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বেড়ে যেতে পারে।

Advertisements

অর্থাৎ অক্টোবর হতে যাচ্ছে একদিকে মৌসুমি বায়ুর বিদায়ের মাস, অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার সময়। তাই মাসজুড়ে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা এবং বিশেষ করে সাগর ও উপকূলীয় এলাকার মানুষকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

Advertisements