শুটিং সেটে আহত অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে অন্যরকমভাবে অনুষ্ঠান শুরু করতে দেখা গেছে। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে পর্বের সূচনা করলেও এবার শুরুতেই সঞ্চালকের চেয়ারে বসে পড়েন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।
বিষয়টি নজরে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে অমিতাভ নিজেই এর কারণ জানান। তিনি জানান, আগের দিন একটি শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান। এতে তার বাঁ হাঁটুতে চোট লাগে। সেই কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর হয়ে পড়েছে।
তবে চোট নিয়ে ভক্তদের দুশ্চিন্তা না করারও পরামর্শ দেন অমিতাভ। তিনি জানান, আঘাত গুরুতর নয়। বসে থেকেই অনুষ্ঠানের শুরুতে তার মনোলগ চালিয়ে যান তিনি।
প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য যথারীতি দাঁড়িয়ে তাদের স্বাগত জানান অমিতাভ। চোটের মধ্যেও তার পেশাদারত্ব দেখে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
অমিতাভ বচ্চনের বয়স এখন ৮৩ বছর। বয়সের এই পর্যায়েও নিয়মিত অভিনয় ও টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালনায় সক্রিয় রয়েছেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমেও তার সঞ্চালনা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।



