উর্বশীর নাম-ছবি ব্যবহার করে ব্যবসা, ক্ষতিপূরণ দাবি ৭ হাজার কোটি রুপি

অনুমতি ছাড়াই নিজের নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম চালানোর অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এ ঘটনায় লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হবে। প্রাথমিকভাবে ক্ষতিপূরণের পরিমাণ ৭ হাজার কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী রাউতেলা ও তার টিমের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সংশ্লিষ্ট এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিবৃতিতে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।
উর্বশীর টিমের অভিযোগ, অভিনেত্রীর অনুমতি না নিয়েই তার নাম, ছবি এবং ভিডিও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। এসব কনটেন্টকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসার আর্থিক পরিসরও উল্লেখযোগ্য। তাদের দাবি, প্রতিষ্ঠানটির মূল্য কয়েকশ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা কয়েকশ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

এই অভিযোগের ভিত্তিতে উর্বশীর পক্ষ থেকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দাবির অঙ্ক ৭ হাজার কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
তবে কোন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা এখনো প্রকাশ্যে জানানো হয়নি।



