নিজ যোগ্যতাতেই জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ, সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাইমা রহমানের নিয়োগ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে মাহাদী আমিন বলেন, জাতিসংঘের ওই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তিনি পূরণ করেছেন। তার যোগ্যতা ও পেশাগত প্রোফাইল বিবেচনা করেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

উপদেষ্টা বলেন, জাইমা রহমান জাতিসংঘের পি-৩ পর্যায়ের একটি পদে নিয়োগ পেয়েছেন। এ ধরনের পদে সাধারণত অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয় এবং তার অভিজ্ঞতা ও প্রোফাইল ওই পদের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, জাইমা রহমান নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই জাতিসংঘে দায়িত্ব পেয়েছেন। তার এই নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই।
মাহাদী আমিন বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব বা পারিবারিক পরিচয়ের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সুযোগ তৈরির অভিযোগ থাকলেও জাইমা রহমানের ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই। তার নিয়োগকে তিনি পেশাগত অর্জন হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



