৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

land-cros-20250526193741

আকাশজুড়ে মেঘ, সঙ্গে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। শুধু বৃষ্টিই নয়, পাহাড়ি এলাকায় এর প্রভাবে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ পূর্বাভাস জানানো হয়।আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এ সময় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ি জনপদে বাড়তে পারে দুর্ভোগ। পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে।

বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ এবং এসব অঞ্চলে চলাচলকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টির সময়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ ও ঢালের কাছাকাছি অবস্থান এড়িয়ে চলার বিষয়েও সতর্ক থাকা জরুরি।

প্রকৃতির এমন অনিশ্চিত পরিস্থিতিতে বৃষ্টির পরিমাণের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা ও নির্দেশনাও গুরুত্ব দিয়ে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements
Advertisements