১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা করতে পারে দুদক

08-2508110506

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নতুন করে আরও প্রায় ৫০টি মামলা করার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তাদের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এসব মামলার বাইরে আরও বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নতুন মামলাগুলো করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক ব্রিফিংয়ে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা অপরাধ করেছেন, তাদের বিচারের মুখোমুখি করতে আদালতে সোপর্দ করাই দুদকের দায়িত্ব। কমিশন সেই দায়িত্ব পালন করছে।

দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বর্তমানে ১৪টি অভিযোগের অনুসন্ধান চলছে। এসব অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে পৃথকভাবে আরও ৩৭টি অভিযোগের সন্ধান পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে আলাদা মামলা করা হবে।

এ ছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৬৪ জেলায় নির্মিত ‘মুজিব ম্যুরাল’ স্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। এসব ঘটনায় দুর্নীতির প্রমাণ মিললে নতুন মামলা করা হবে। সব মিলিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা করার সম্ভাবনা রয়েছে।

ব্রিফিংয়ে দুদক জানায়, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা ছয়টি মামলার বিচার শেষে রায় ঘোষণা হয়েছে। বাকি ১৭টি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisements

দুদকের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করা হয়েছে। স্থাবর সম্পদের মধ্যে পূর্বাচলে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০ কাঠা জমি রয়েছে। এ ছাড়া রাজধানীর বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি ক্রোক করা হয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ টাকা।

অন্যদিকে, পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৬টি ব্যাংক হিসাবের ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। অন্য তিনজন হলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।

দুদক সচিব বলেন, সংশ্লিষ্ট আসামিরা দেশের বাইরে অবস্থান করলে এবং দেশের আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা সম্ভব না হলে অন্য দেশের সহযোগিতায় গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারি করা হয়।

টিউলিপ সিদ্দিক অন্য দেশের নাগরিক হলেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিষয়টি বর্তমানে ইন্টারপোলের বিবেচনায় রয়েছে। এ ছাড়া শেখ হাসিনাসহ তার পরিবারের ১৫ সদস্যের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের সম্পদের তথ্য জানতে যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। কমিশনের কাছে থাকা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তার নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে। সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে অনুসন্ধানের জন্য যৌথ অনুসন্ধানী দল (জিট) গঠন করা হয়েছে। মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

কমিশন নিয়মিত এসব কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। যৌথ অনুসন্ধানী দলের সদস্যরা মামলার নথিপত্র যাচাই করছেন। সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে মানসম্মত তদন্ত শেষ করে আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের চেষ্টা চলছে বলে জানান দুদক সচিব।

Advertisements