বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী

পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া এই তারকা ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন এবং একটি বিশেষ আয়োজনে অংশ নেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের বিষয়টি নিজেই জানিয়েছেন ওয়াহাজ আলী। বাংলাদেশি দর্শকদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নেওয়ার কথা জানান। ভক্তদের সঙ্গে দেখা করা ও একসঙ্গে সময় কাটানোর জন্য তিনি উচ্ছ্বসিত বলেও জানান অভিনেতা।
আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে একটি এক্সিবিশন থাকবে এবং এর সমাপনী পর্বে অংশ নেবেন ওয়াহাজ আলী। আয়োজক কর্তৃপক্ষের ভাষ্য, অভিনেতাটি তাদের ব্যক্তিগত অতিথি হিসেবে অনুষ্ঠানে আসছেন।
এ ছাড়া ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত করা হবে। নির্বাচিতরা ওয়াহাজ আলীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। তবে বিজয়ীর সংখ্যা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’—এমন কিছু তথ্য ছড়িয়ে পড়লেও আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পোস্ট বা তথ্য সম্পর্কে তারা অবগত নয়। তাদের দাবি, মূল আয়োজনটি এক্সিবিশন এবং এর সমাপনী পর্বে ওয়াহাজ আলীর উপস্থিতিকে কেন্দ্র করেই।
পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওয়াহাজ আলীর অভিনয়ে অভিষেক হয় ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রেও অভিনয় করেন ওয়াহাজ। চরিত্রটির মাধ্যমে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি পান তিনি।
তবে ‘তেরে বিন’ নাটকই তার ক্যারিয়ারে বড় ধরনের জনপ্রিয়তা এনে দেয়। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।
মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্পের নাটক ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির সাফল্যের পর ওয়াহাজ আলীর পরিচিতি ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের মধ্যে। এবার সেই জনপ্রিয় অভিনেতাকেই সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।



