২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
বিনোদন

প্যারিস ফ্যাশন উইকে ‘রাজকীয়’ সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই

Aishwarya-Rai-image

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও নিজের গ্ল্যামার ও আভিজাত্যের ছাপ রাখলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। রত্নখচিত মুকুট, কালো ভেলভেটের গাউন এবং আকর্ষণীয় সাজে ফ্যাশন শোতে হাজির হয়ে নজর কেড়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো ফ্যাশন শোটির র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। তার উপস্থিতি ঘিরে শুরু থেকেই দর্শক ও ভক্তদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।

র‍্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কালো ভেলভেটের কর্সেটযুক্ত ফিশটেল গাউন। পোশাকটির সঙ্গে মাথায় ছিল ঝলমলে রত্নখচিত মুকুট। সতেজ মেকআপের সঙ্গে তার ট্রেডমার্ক লাল লিপস্টিক পুরো সাজে যোগ করে আলাদা মাত্রা। সব মিলিয়ে তার উপস্থিতিতে ফুটে ওঠে রাজকীয় আবহ।

ফ্যাশন শোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন ঐশ্বরিয়া। তার সাজ, পোশাক এবং র‍্যাম্পে হাঁটার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন অনুরাগীরা।

শো শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় ঐশ্বরিয়াকে। বিভিন্ন তারকার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সেই মুহূর্তগুলোর বেশ কিছু ছবি ও ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর মধ্যে অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে ঐশ্বরিয়ার কথোপকথনের একটি মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে। ভিডিওতে দুজনকে হাসিমুখে কথা বলতে এবং ঐশ্বরিয়াকে সিমোনের হাত ধরে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisements

এ ছাড়া ফ্যাশন শোর ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় ঐশ্বরিয়ার। দুই তারকার পুনর্মিলনের মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এবারের উপস্থিতি তাই শুধু র‍্যাম্পে হাঁটার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; তার রাজকীয় সাজ, আন্তর্জাতিক তারকাদের সঙ্গে মেলামেশা এবং ফ্যাশন শোর বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

Advertisements