জুতার জন্য হারালেন এশিয়ান গেমসের সোনা

এশিয়ান গেমসের নারী ট্র্যাক-ওয়াকিং প্রতিযোগিতায় প্রথম হয়ে উচ্ছ্বাসের মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না কাজাখস্তানের অ্যাথলেট ইয়াসমিনা তোক্সানবায়ার। প্রতিযোগিতায় সবার আগে নির্ধারিত দূরত্ব শেষ করলেও পরে ব্যবহৃত জুতার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে বাতিল হয়েছে তার জেতা স্বর্ণপদকও।
রোববার ৩ ঘণ্টা ২২ মিনিট ২০ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে সবার আগে ফিনিশ করেন তোক্সানবায়া। দ্বিতীয় হওয়া চীনের প্রতিযোগীর তুলনায় তার সময় ছিল প্রায় চার মিনিট কম। তবে চীনের পক্ষ থেকে আপত্তি তোলার পর ফলাফল নিয়ে তৈরি হয় জটিলতা।
পরবর্তীতে প্রতিযোগিতার কারিগরি কর্মকর্তারা জানান, বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিযোগীদের অনুমোদিত ও নির্দিষ্ট তালিকায় থাকা জুতা ব্যবহার করতে হয়। তোক্সানবায়ার পরা জুতাটি সেই অনুমোদিত তালিকায় ছিল না।
এক কর্মকর্তা জানান, বিষয়টি বিশ্ব অ্যাথলেটিক্স কর্তৃপক্ষকে জানানো হলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তোক্সানবায়াকে অযোগ্য ঘোষণা করা হয় এবং তার পদক বাতিল করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুরি বোর্ডে আপিল করার সুযোগ রয়েছে। তোক্সানবায়া ইতোমধ্যে সেই প্রক্রিয়ায় আপিল করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদক বাতিলের বিষয়টিও নিশ্চিত করেছেন কাজাখ অ্যাথলেট। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি শেষ পর্যন্ত তার পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন।
তোক্সানবায়ার স্বর্ণপদক বাতিল হওয়ার পর চীনের দানজেংকুজোংকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে স্বর্ণপদকটি যায় তার হাতে। রৌপ্য জেতেন চীনেরই মা লি এবং ব্রোঞ্জ পান জাপানের ইউকিকো উমেনো।



