আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনা আরও সহজ

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনার ক্ষেত্রে নিয়ম কিছুটা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এসব এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে গত বছরের ১৯ নভেম্বর জারি করা সংশ্লিষ্ট নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন সার্কুলার অনুযায়ী, বিদেশি এয়ারলাইনস নিজস্ব আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ডে সেই টিকিট কেনা যাবে। ফলে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে কোনো অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করার আগের শর্তটি আর বাধ্যতামূলক থাকছে না।

বাংলাদেশে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে এমন ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে নতুন সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে এডি ব্যাংকগুলো যোগ্য লেনদেন শনাক্ত করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ব্যবস্থায় আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যোগ্য টিকিটের মূল্য গ্রাহকের নির্ধারিত বৈদেশিক ভ্রমণসীমার সঙ্গে সমন্বয় করা হবে না। অর্থাৎ এসব টিকিট কিনতে কার্ডে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হবে, তা প্রচলিত ভ্রমণসীমার বাইরে হিসেবে বিবেচিত হবে।
লেনদেন যাচাই করে যোগ্যতা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে ব্যয় হওয়া অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিদ্যমান ব্যাংকিং সম্পর্ক অনুযায়ী প্রচলিত নিয়ম অনুসরণ করতে হবে।
এ ধরনের সব লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার আওতায় বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকিং ও এয়ারলাইনস খাতের সংশ্লিষ্টদের মতে, নতুন নিয়মের ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি বাংলাদেশে টিকিট বিক্রির অর্থ গ্রহণ ও নিষ্পত্তির জন্য স্থানীয় ব্যাংকের সঙ্গে পৃথক ব্যবস্থা রাখার প্রয়োজনও আগের তুলনায় কমবে।



