২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ’, সালাহউদ্দিনের পদত্যাগ চান দিলারা চৌধুরী

Dilara chowdhury-1200×630

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘মঞ্চ ২৪’ ওই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে দিলারা চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমেদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে তিনি মনে করেন। এ কারণে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বর্তমান সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। তার অভিযোগ, জুলাই গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গ টেনে দিলারা চৌধুরী বলেন, কোনো ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান করার সুযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় সরাসরি স্থাপনা ভাঙচুরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তার মূল দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Advertisements

কর্মসূচিতে উপস্থিত এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন জাতীয় সমস্যার সমাধান হিসেবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। কিন্তু নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও বিভিন্ন ক্ষেত্রে আগের মতোই সমস্যা রয়ে গেছে বলে তিনি দাবি করেন।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও গোলাগুলির ঘটনারও নিন্দা জানান। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে ‘মঞ্চ ২৪’-এর উপদেষ্টা ড. ফয়জুল হকও সরকারের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। তার দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই জননিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সুরক্ষায় ব্যর্থতার চিত্র দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে কার্যকরভাবে দেশ পরিচালনা করতে হবে। বিএনপি বা বর্তমান সরকারকে শত্রু হিসেবে দেখছেন না জানিয়ে তিনি সরকারের প্রতি নির্ধারিত মেয়াদে কার্যকরভাবে দেশ পরিচালনার আহ্বান জানান। তা সম্ভব না হলে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

Advertisements