২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

বোরকা পরে ভূমি অফিসে হঠাৎ হাজির ডিসি ফরিদা

7924192e-b3cc-4212-9faf-b5b53018

ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ বাস্তবে কেমন সেবা পাচ্ছেন, কোথাও হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না—তা সরেজমিনে দেখতে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার বেশে ওই ভূমি অফিসে যান তিনি। সেখানে অন্যদের মতো নিজেও সেবা নেওয়ার চেষ্টা করেন এবং সেবার জন্য আসা মানুষের সঙ্গে কথা বলেন। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়েও তাদের কাছ থেকে জানতে চান।

সংগৃহীত

পরিদর্শনের একপর্যায়ে ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। সাধারণ মানুষ যেন দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

ফরিদা খানম বলেন, নিয়মিতভাবে আনুষ্ঠানিক পরিদর্শনের মাধ্যমে ভূমি অফিসগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হলেও সবসময় সেবার প্রকৃত চিত্র সামনে আসে না। সাধারণ মানুষ বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ভূমিসেবা গ্রহণ করছেন, তা সরাসরি জানতে পরিচয় গোপন রেখে তিনি সেখানে গিয়েছিলেন।

তার মতে, এ ধরনের আকস্মিক ও সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি কোনো সমস্যা বা অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও সহজ হয়।

Advertisements