২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বিনোদন

ছবির শিশুটিই এখন বলিউডের আলোচিত নায়িকা, গড়েছেন ৭৮ কোটি টাকার সম্পদ

IMG_5494

আজ ২৮ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী মৌনী রায়ের জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম নেওয়া অভিনেত্রী ৪১ বছরে পা দিয়েছেন। টেলিভিশনের জনপ্রিয় মুখ থেকে বলিউডের পরিচিত অভিনেত্রী হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় অভিনয়ের পাশাপাশি নাচ, বিজ্ঞাপন ও ব্যবসা থেকেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

মৌনীর অভিনয়জীবনের শুরু ২০০৬ সালে একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ দিয়ে। এতে কৃষ্ণ তুলসীর চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এর আগে ২০০৪ সালের ‘রান’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেছিলেন।

এরপর ‘দেবো কে দেব মহাদেব’-এ সতীর চরিত্রে অভিনয় করে আরও জনপ্রিয়তা পান মৌনী। মোহিত রায়নার সঙ্গে তাঁর জুটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। ‘জুনুন-আইসি নফরত তো ক্যায়সা ইশক’ এবং ‘ঝলক দিখলা যা’র মতো অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে।

তবে ২০১৫ সালে ‘নাগিন’ ধারাবাহিকে অভিনয় তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। অতিপ্রাকৃত গল্পের এই ধারাবাহিকে তাঁর অভিনয় ব্যাপক জনপ্রিয় হয়। পরে ‘নাগিন ২’-এও অভিনয় করেন তিনি। দীর্ঘদিন দর্শকের কাছে ‘নাগিন’ চরিত্রের সঙ্গেই তাঁর পরিচয় জড়িয়ে ছিল।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে বড় পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘দাবাং ৩’, ‘ভেলে’সহ বেশ কয়েকটি সিনেমা ও প্রকল্পে কাজ করেন তিনি।

২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ সিনেমায় জুনুন চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন মৌনী। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটিতে খল চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এ সিনেমার জন্য আইফা পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারও পান তিনি।

Advertisements

ব্যক্তিজীবনেও বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন মৌনী। দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বিয়ে হয় তাঁর। বিয়েতে বাঙালি ও মালয়ালি—দুই সংস্কৃতিরই আয়োজন ছিল।

তবে ২০২৬ সালে তাঁদের দাম্পত্য নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে যৌথ বিবৃতিতে মৌনী ও সুরজ জানান, তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করার এবং এ নিয়ে মনগড়া তথ্য না ছড়ানোর অনুরোধ জানান তাঁরা।

বিচ্ছেদের পর অভিনেতা ও মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অর্জুন বিজলানির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়ায়। অর্জুন অবশ্য তাঁদের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্ব হিসেবেই উল্লেখ করেন।

অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও যুক্ত মৌনী। ২০২২ সালে সুরজের সঙ্গে ‘আলটিমেট গুরু’ নামের একটি শিক্ষামূলক উদ্যোগে যুক্ত হন তিনি। পরের বছর মুম্বাইয়ে ‘বদমাশ’ নামে একটি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও যুক্ত হন এই অভিনেত্রী।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, মৌনী রায়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৫ কোটি রুপি। বিজ্ঞাপন, সিনেমা, অনুষ্ঠান, মিউজিক ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা এবং ব্যবসায়িক উদ্যোগ তাঁর আয়ের অন্যতম উৎস। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সিনেমা, উপস্থিতি ও মিউজিক ভিডিওর জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১০ লাখ থেকে ১ কোটি রুপি পর্যন্ত হতে পারে।

শৈশবের সেই ছোট্ট মেয়েটিই এখন টেলিভিশন ও বলিউড পেরিয়ে নিজের অভিনয় এবং ব্যবসায়িক পরিচয়ে প্রতিষ্ঠিত এক আলোচিত তারকা।

Advertisements