জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে করে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরজুড়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। চার দিনের কর্মসূচিতে তিনি অংশ নেন মোট ৩০টি আনুষ্ঠানিক আয়োজনে। এর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের পার্শ্ব বৈঠক এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
নিউইয়র্ক সফরে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশ্বব্যাংক, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।
মধ্যপ্রাচ্যের তিন দেশের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষণ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, খনিজ খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয় গুরুত্ব পায়। তিন দেশ থেকেই প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন মাহদী আমিন।
এদিকে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। মোট আটটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি চারটি আয়োজনে বক্তব্য দেন তিনি। এর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা নিউইয়র্কে প্রায় ৮০টি বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণসহ এই সফরে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অগ্রাধিকার বিষয় তুলে ধরা হয়।



