‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করতেন না’, সিনেমা থেকে বাদ পড়ার অভিজ্ঞতা জানালেন তাপসী

বলিউডে কাজের অভিজ্ঞতা সবসময় যে সুখকর ছিল না, এবার তারই একটি ঘটনা সামনে আনলেন অভিনেত্রী তাপসী পান্নু। একটি সিনেমায় অভিনয়ের জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছিল। এমনকি শুটিংয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কোনো স্পষ্ট কারণ না জানিয়েই প্রকল্পটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
সম্প্রতি বলিউডে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় পুরোনো সেই ঘটনা তুলে ধরেন তাপসী। তার দাবি, পরে তিনি জানতে পারেন, সিনেমাটির নায়কের স্ত্রী তাকে পছন্দ করতেন না—আর সেই কারণেই তাকে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছিল।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে কাজের বিষয়ে তার সঙ্গে প্রাথমিক আলোচনা থেকে শুরু করে শুটিংয়ের তারিখ নির্ধারণ—সবই হয়ে গিয়েছিল। এরপর আচমকাই তাকে জানানো হয়, আর ছবিটিতে কাজ করছেন না তিনি। তবে বাদ দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

কারণ জানতে চাইলে শুধু বলা হয়েছিল, সিনেমার নায়ক তাকে ছবিতে রাখতে চাইছেন না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারেননি তাপসী।
বিষয়টি নিয়ে তখন নানা সম্ভাবনার কথা ভেবেছিলেন তিনি। তার মনে হয়েছিল, হয়তো অভিনেতার কোনো ব্যক্তিগত অস্বস্তি রয়েছে, কিংবা নিজের পছন্দের কোনো অভিনেত্রীকে সিনেমায় নেওয়ার ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পরে যে কারণটি তার কাছে পৌঁছায়, সেটি ছিল আরও বিস্ময়কর।
তাপসী জানান, একপর্যায়ে তাকে সরাসরি বলা হয়েছিল, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ এই কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন।
বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে এ ধরনের আরও কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলেও ইঙ্গিত দিয়েছেন তাপসী। তবে এসব অভিজ্ঞতা তার কাজ বাছাইয়ের পদ্ধতিতে প্রভাব ফেলেছে। একই ধরনের চরিত্র বারবার করার বদলে নতুন ধরনের গল্প ও চরিত্রে কাজ করতেই বেশি আগ্রহী তিনি।

তাপসীর মতে, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক সময় অভিনয়শিল্পীদের নির্দিষ্ট কিছু ধরনের চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়। কোনো অভিনেত্রীকে হয়তো মূলত গ্ল্যামারনির্ভর চরিত্রের জন্য ভাবা হয়, আবার কাউকে সামাজিক বা নারীকেন্দ্রিক গল্পের জন্য বারবার বেছে নেওয়া হয়।
এই ধরনের নির্দিষ্ট ছকের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না তাপসী। এমন কোনো চরিত্রে অভিনয় করতেও তার আগ্রহ নেই, যেখানে দর্শক তাকে দেখেই গল্পের পরিণতি সহজে অনুমান করে ফেলতে পারেন। চরিত্রে নতুনত্ব না থাকলে তাই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেন না তিনি।
‘থাপ্পড়’ ও ‘হাসীন দিলরুবা’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তাপসী। ক্যারিয়ারের বিভিন্ন সিদ্ধান্তে নিজের পছন্দকে গুরুত্ব দিলেও সিনেমার পর্দার আড়ালের কিছু অভিজ্ঞতা যে তার পথচলাকে অস্বস্তিকর করেছে, সাম্প্রতিক বক্তব্যে সেটিই উঠে এসেছে।



